বান্দরবানের লামায় গুলি করে একটি বন্য হাতি হত্যা করেছেন বনদস্যুরা। রোববার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত হাতিটি উদ্ধারের উদ্যোগ নেয় বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় পাহাড়ের অরণ্যে গুলি করে একটি বন্যহাতি হত্যা করেছে দুর্বত্তরা। রোববার পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যাওয়া কাঠুরিয়া নারী পাহাড়ে মৃত বন্য হাতি’টি দেখতে পেয়ে খবর দিলে বন বিভাগ ও জনপ্রতিনিধিরা বিষয়টি জানতে পারেন।

ধারণা করা হচ্ছে, দাঁত চুরি করে বিক্রির উদ্দেশে হাতিটিকে হত্যা করা হয়েছে।

ফাসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন জানান, হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ৫-৬ দিন আগে হাতিটির মৃত্যু হয়েছে। হাতির শরীরে এবং মাথায় একাধিক গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

লামা উপজেলা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, হত্যাকারীদের শনাক্ত করতে বন বিভাগ ও পুলিশ মাঠে নেমেছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছরের ১ জানুয়ারিও নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী গ্রামে একটি বন্য হাতি’কে গুলি করে হত্যা করে তার দাঁত চুরি করে নেয় বনদস্যুরা। এ ছাড়াও ২০১৩ সালের জানুয়ারিতেও ফুলতলী গ্রামে আরও ১টি বন্য হাতিকে গুলি করে হত্যার পর ২টি দাঁত চুরি করে নিয়ে যায় বনদস্যুরা। এর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি মাসে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছাঝিড়ি এলাকায় বন্য হাতিকে হত্যা করে দাঁত চুরি করে বনদস্যুরা।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ