বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, 'কাউকেই গ্রেপ্তার করার ইচ্ছা আমাদের নেই। বেগম খালেদা জিয়াকে কেন আমরা গ্রেপ্তার করতে যাব। আওয়ামী লীগ যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার ট্রাইব্যুনালে হতো। কিন্তু আমরা তা করিনি'।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন, আদালত স্বাধীন, কোর্ট স্বাধীন। আদালত যদি কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন, তাহলে আমাদের কী করার আছে, বলেন?’
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর ক্ষমতায় ছিলেন বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, সরকারের এক মেয়াদে দেশের সব উন্নয়ন করা সম্ভব নয়। সরকার ক্ষমতায় গেলে উন্নয়ন করে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু সব পরিকল্পনা এক মেয়াদে বাস্তবায়ন করা সম্ভব হয় না।
জাতীয় কনভেনশনের আহ্বায়ক এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়।
এআই





