রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তাহেরপুর পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের বাসিন্দা জাহেদুল ইসলাম (৫৫) ও একই ইউনিয়নের শিবজাইট গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক স্বপন (৪৫)।
এদের মধ্যে জাহেদুল ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া স্বপন ওই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। তাহেরপুর পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে জাহেদুলের ‘মোল্লা ফার্মাসি’ নামে তার ওষুধের দোকান রয়েছে। ওই দোকানেই বসে ছিলেন স্বপন।
তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহীন দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দোকানে বসে থাকার সময় জাহেদুল ও স্বপনের উপর একদল যুবক আচমকা হামলা চালায়। তারা লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে তাদের।
ওই দুই আওয়ামী লীগ নেতাকে রক্ষায় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তারা।
তিনি আরো বলেন, হামলার কারণ জানা যায়নি। হামলাকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এমএনজে





