রাজধানীর ফার্মগেট এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ২৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর)। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিবি উত্তরের সহকারী পুলিশ কমিশনার ডাঃ মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে তেজগাঁও থানাধীন ফার্মগেট আল-রাজী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কাওরান বাজারগামী খুলনা মেট্রো- ট-১১-০১১৭ নম্বর ট্রাক তল্লাশীকালে ড্রাইভার মোঃ মিন্টু মিয়া (৩৬) এর দেখানো মতে ১২টি বিভিন্ন প্রকার প্লাস্টিক ও চটের বস্তার ভিতর হতে ২৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ড্রাইভার মোঃ মিন্টু মিয়া মাদক ব্যবসায়ীর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকা, জেইউ, ০৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)//