নির্দেশ অমান্য করে কেউ যদি মঙ্গলবার সন্ধ্যার পর পবিত্র শব-ই-বরাত উপলক্ষে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটায়, তাহলে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম সরকার।
তিনি বলেন, পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক সঙ্গে কাজ করবে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল এবং বিশ্রামহীনভাবে দ্বায়িত্ব পালন করবে।
জাহাঙ্গীর আলম সরকার বলেন, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সন্ধ্যার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। কেউ যদি পুলিশের নির্দেশ অমান্য করে তাকে আইনের আওতায় আনা হবে। কোন ধরণের ছাড় দেওয়া হবে না।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ টাইমনিউজবিডিকে বলেন, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য র্যাব সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে। এছাড়া রাজধানী জুড়ে র্যাবের টহল অব্যাহত থাকবে।
এর আগে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-।।।/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এমআর/এসএইচ





