রাজধানীর উত্তর বাড্ডার একটি পোশাক কারখানার শ্রমিকদের উপর মালিক পক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেছে শ্রমিকরা। হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার বেলা পৌনে ১টায় উত্তর বাড্ডার হল্যা-সেন্টারের ৬ষ্ঠ তলায় নিপো-নিকা পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোশাক কারখানার শ্রমিক সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দফতর সম্পাদক খাদিজা জানান,বিভিন্ন দাবি নিয়ে তারা পোশাক কারখানার মালিকের কাছে একটি লিখিত দরখাস্ত নিয়ে মানব সম্পদ বিভাগের কর্মকর্তার কক্ষে যায়। এসময় মালিক পক্ষের লোকজন তাদেরকে দরজা বন্ধ করে পিটিয়েছে। এরপর মালিক পক্ষের আরো লোকজন এসে তাদেরকে পিটিয়ে পোশাক কারখানা থেকে বের করে দেয়।
হামলায় গুরুতর আহতরা হলেন, পোশাক কারখানার শ্রমিক রেহানা (৩০),সীমা আক্তার (২২),আন্তরা (২২),মেহেরুন (২০) ও খাদিজা (১৮)।
এ ব্যাপারে বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) এমএ জলীল জানান,কারখানায় শ্রমিক ফেডারেশন করা নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে মালিক এসে শ্রমিকদের বের করে দেয়।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]