ঘন কুয়াশার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি পারাপার বন্ধ করা হয়। ফলে উভয় ঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট অফিসের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে অসংখ্য যাত্রী ও কাঁচামালসহ পচনশীল দ্রব্য নিয়ে তিনটি ফেরি আটক পড়েছে।
তিনি আরও জানান, কুয়াশার পরিমাণ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু হবে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যেসব যানবাহন অপেক্ষা করছে ফেরি পারাপার শুরু হলে তা অল্প সময়ের মধ্যেই পার হয়ে যাবে।
কেএইচ





