সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৩টি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আকাশ বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।
জেলে-মহাজন সূত্র জানায়, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরছিল জেলেরা।
এ সময় বনদস্যু আকাশ বাহিনী জেলেদের উপর হামলা চালিয়ে মুক্তিপণের দাবি ৩টি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি মংলার দক্ষিণ কাইনমারী এলাকায়।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: বেলায়েত হোসেন বলেন, ধানসিদ্ধির চর এলাকায় ডাকাতরা অবস্থান করছে এমন খবর শুনেছি, তবে জেলে অপহরণ হয়েছে কিনা জানতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে: রাহাতুজ্জামান বলেন, জেলেদের মাধ্যমে ডাকাতির ঘটনার খবর পাওয়ার পর অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড।
এমকে





