সিলেটের কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্যতম আসামি ইসমাঈল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ জানান, জালালাবাদ থানার (ওসি, তদন্ত) আলমগীর হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ইসমাঈলের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার এই হত্যাকাণ্ডের আরেক আসামি মুহিতকেও রিমান্ডে নেয় পুলিশ।
গত বুধবার নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ গুম করার চেষ্টার সময় পুলিশের হাতেনাতে মুহিত আলমকে আটক করে।
এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মামলার মূল হোতা কামরুলকে সৌদি আরবের জেদ্দা থেকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলায় মুহিত আলম, তার ভাই কামরুল ইসলাম, তাদের সহযোগী আলী হায়দার ও চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়েছে।
এমকে





