হবিগঞ্জের বাহুবলে চার্জ করতে গিয়ে মোবাইল ফোন বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (১২ জুন) বুধবার উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু সাজু মিয়া (১২) ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।
বাহুবলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মোবাইল ফোন চার্জে লাগিয়ে বুকের উপর রেখে সাজু এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবাইলটি অতিরিক্ত চার্জ হয়ে বিস্ফোরিত হলে সাজু মিয়া মারা যায়। মোবাইল ফোনটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে গেছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. তারা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর ফেনীতে মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত স্বপ্নীল মজুমদার ফেনীর চাড়ীপুর এলাকার সুমন মজুমদারের ছেলে। সে ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহতের ভাই সজীব জানান, মোবাইল চার্জ দিয়ে ঘুমাতে যায় সুমন। এসময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে আসবাবপত্র ও কাপড়-চোপড়সহ সপ্নীল মজুমদারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে যায়।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ কবির আহম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-মোবাইল বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয়।
এমবি





