নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ছেলের জন্মদিন পালন করতে না দেয়ায় নাজমুন নাহার পপি (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নূর নবী (২৮)কে আটক করা হয়েছে।
নিহত নাজমুন নাহার পপি ওই এলাকার নুরুল আমিনের মেয়ে। আটক নূর নবী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ছেলের জন্মদিন পালন করার বিষয় নিয়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে রাতের কোনো এক সময় স্বামী ও ছেলেকে কক্ষের মধ্যে তালা দিয়ে রান্না ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পপি।
পরে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তার স্বামী নূর নবীকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মুজাহিদুল ইসলাম সোহেল/ এসএম





