গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রাথামিক বিদ্যালয়ের পুরাতন ভবনের দেয়াল ধসে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হল— তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহানা, সাবানা, সাথি ও নাজমিন। তাদের মধ্যে শাহানার অবস্থা গুরুতর। তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

প্রত্যাক্ষদর্শী রওশন আলম মণ্ডল ও বাবু মণ্ডল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনের ক্লাস রুমে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বসে ছিল। এ সময় হঠাৎ করে ক্লাস রুমের পশ্চিম পাশের দেয়াল ধসে ও টিনের চাল ভেঙে শিক্ষার্থীদের উপড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষার্থীরা ক্লাস রুম থেকে দ্রুত বের হয়ে যেতে পারলেও দেয়াল ও টিনের চাপা পড়ে চার শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পুরাতন ভবনটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় ঝুঁকি নিয়েই পুরাতন ভবনে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছিল। ভবনটি সংস্কারের জন্য একাধিবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজ হয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফয়জার রহমান জানান, ভবন ধসে পড়ে শিক্ষার্থীরা আহত হলেও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সঠিক সময়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেনি। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেন।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অবহেলা করে বিদ্যালয়ের পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা না করে ক্লাস নেওয়া কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান জীম মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও মো. আবদুল্লা আল মামুন তালুকদার জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনটি এখন থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসা জন্য স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা পরিষদ থেকে ব্যয় বহন করা হবে।

এআই