বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ছয়দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা হাসপাতালের বাইরে পরিচিত ও আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে গোসল করছে ও খাবার পানি সংগ্রহ করছে।
টয়লেটেও পানি নেই। টয়লেটের দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ৪১ রোগী অস্বাস্থ্যকর পরিবেশে অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছে।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন ইলিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি জানান, হাসপাতালের বাইরে থেকে অনেক কষ্ট করে তার স্বজনরা পানি এনে খাওয়াসহ অপরিহার্য প্রয়োজন মেটানোর ব্যবস্থা করছে।
এতে রোগীদের অবর্ণনীয় কষ্ট হলেও কর্তৃপক্ষ সেদিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
পানি না থাকার কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র মজুমদার বলেন, পানি পাম্প নষ্ট থাকায় এ সমস্যা হচ্ছে। শিগগিরই নতুন পাম্প স্থাপন করা হবে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





