দিনাজপুরে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পারিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে ভারতীয় হাইকমিশনার পংকজ সরেন, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা ও ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মঙ্গলবার রাতে এ মতবিনিময় সভায় এ তিন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নানা দিক তুলে ধরেন।
তারা বলেন, দিনাজপুরের বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়টি নিয়ে তারা তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। এ স্থলবন্দরটি চালু হলে ভারত, নেপার ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দ্বার আরো প্রসারিত হবে বলেও তারা বিশ্বাস করেন।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয় পরিচালক জাহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পুলিশ সুপার রুহুল আমিন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিরল স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন ও হিলিস্থল বন্দরের সিএন্ডএফ এর সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ বক্তব্য রাখেন।
আলোচনার পর নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়।
এরআগে মঙ্গলবার বিকেলে ভারতীয় হাইকমিশনার পংকজ সরেন, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা ও ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন দিনাজপুরের ঐতিহাসিক নিদের্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেন।
এসএইচ





