সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় কলেজছাত্র হৃদয় নিহত হয়েছেন। কলেজের আরও দুই শিক্ষার্থী আহত।
আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক আব্দুল হামিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একটি কাভার্ড ভ্যান কলেজ ছাত্র হৃদয়সহ আরও দু’জনকে আঘাত করে।
এ সময় হৃদয়কে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ভ্যানটি আটকাতে সফল হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানে আগুন দেয় ক্ষুব্ধ জনতা।
আহত দু’জনের পরিচয় জানা যায়নি। তারা সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
এএস





