কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ভূমিকম্পে একটি বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়ায় ৩ স্কুলছাত্রী জ্ঞান হারিয়েছে।
এরা হলো- অষ্টম শ্রেণির বিথি, তামান্না ও নবম শ্রেণির স্বর্ণা।
রোববার দুপুরে উপজেলার সদরের বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ জানান, দুপুরে হঠাৎ ভূমিকম্পে স্কুল ভবনের পলেস্তারা খসে পড়লে ৩ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্কুলের সব ছাত্রী ছোটাছুটি শুরু করে। এতে আরও কয়েকজন ছাত্রী সামান্য আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞান ছাত্রীদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভাগলপুল জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছে।
কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহতদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনেছি তারা সুস্থ আছে।
এমকে





