সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে জেলার করতোয়া, বড়াল, ইছামতি ও ফুলঝোড় নদীর পানি। এদিকে নতুন কোনো এলাকা প্লাবিত না হলেও এ পর্যন্ত বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার গো খামারীরা বিপাকে পরেছেন।

বন্যা কবলিতদের জন্য জরুরি ত্রাণ হিসেবে জেলার চৌহালী, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় ৫২ মেট্রিক টন চাল ও নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে প্রায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা কবলিতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই