টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ব্যবসায়ী ও ঘাটাইল আসনের মনোনয়ন প্রত্যাশী সিআইপি তুহিন আব্দুল্লাহর গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঘাটাইল থানা মোড়ে গাড়িবহরটি পৌঁছলে এই হামলার ঘটনা ঘটে।
গাড়িবহরে থাকা ঘাটাইল পৌরমেয়র শহীদুজ্জামান খান বলেন, তুহিন আবদুল্লাহ ঢাকা থেকে ফিরছিলেন। আমি টাঙ্গাইল থেকে তার গাড়িবহরে যোগ দিয়ে ঘাটাইল থানা মোড়ে আসি। এই সময় ছাত্রলীগ নেতা ও ঘাটাইল কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেলের নেতৃত্বে বেশ কয়েকজন অতর্কিত হামলা করে। এসময় তারা তুহিন আবদুল্লাহর গাড়ির চালককে কিলঘুষি মেরে আহত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম বলেন, হামলার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমবি





