আজ সোমবার পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাজধানীতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত রোববার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আজ দিনগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সারা বিশ্বের মুসলিমরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তায়ালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন।

করোনা মহামারির কারণে গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানালেও ধর্ম মন্ত্রণালয় এবার তেমন কোনো নির্দেশনা দেয়নি।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন ও দান-খয়রাত করেন। অতীতের গুনাহ’র জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এমআর