ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলা ৪ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশও দেয়া হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওহহাব মিঞার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মিনার চৌধুরির পক্ষে শুনানি করেন অসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ৩০ অক্টোবর হাইকোর্টের দেয়া জামিন ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। একই মামলার আসামি শাহজালাল ও জিয়াউর রহমান বাপ্পীর জামিন স্থগিত করেন আদালত।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।

ওইদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।