স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী ৫ বছর পর দেশে নির্বাচন হবে। ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না’।

পাবনা মেডিকেল কলেজ চত্বরে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, এখন আর আলোচনার কোনো সুযোগ নেই। আলোচনা অবশ্যই হবে, তবে সেটা নির্বাচনের আগে এবং নির্বাচন কমিশনের সঙ্গে। অন্য কারও সঙ্গে আলোচনা হবে না।

নির্বাচনের ট্রেন মিস করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, ৫ বছরের আগে আর ওই ট্রেন ফিরে আসবে না। তাই হইচই না করে, আন্দোলনের হুমকি না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুনি নিন, নিজের দলকে গোছান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মনোয়ার-উল-আজিজের পরিচালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম নিয়াজ উদ্দিন আহমেদ, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন প্রমুখ।

জেআই