পার্শ্ববর্তী বাড়ির সামনে ময়লা ফেলায় ওই বাড়ির তত্ত্বাবধায়কের (ম্যানেজার) বেদম পিটুনির শিকার হয়েছেন নাসরিন (২৭) নামে এক গার্মেন্ট শ্রমিক।
রোববার দিনগত রাতে রাজধানীর মগবাজারের মীরবাগের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নাসরিনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেকে চিকিৎসাধীন নাসরিন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে পাশের একটি বাড়ির সামনে ময়লা ফেললে ওই বাড়ির ম্যানেজার মিজান (৫০) তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে তাকে ধরে প্রহার করতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী নাসরিনের বাড়ির তত্ত্বাবধায়ক সুমন বলেন, সবার সামনে নাসরিনকে বেদম কিল-ঘুষি মারেন মিজান। সন্ত্রাসী স্বভাবের মানুষ বলে তাকে কেউ কিছু বলতে পারে না।
তিনি জানান, এর আগেও অনেক নারীর শরীরে হাত তুলেছেন মিজান। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন নাসরিনের সঙ্গে আসা প্রতিবেশীরা।
এএইচ





