একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন আগামীকাল (০২ জুন) বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ি এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ০৩ জুন (বৃহস্পতিবার) সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে।
ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার উপরে।
আর এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন (২০২০) করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়।
১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়। চলতি অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার বাজেট ঘোষণা হয়েছিল। এরপর মাত্র ৯ দিনের বাজেট আলোচনা শেষে তা পাস করা হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। এবারও করোনা পরিস্থিতির কারণে অল্প দিনে আলোচনা শেষ করে বাজেট পাস হবে।
সংসদ সচিবালয় থেকে বাজট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনা মহামারির এসময়ে এবারও এই অধিবেশনের মেয়াদ স্বল্প সময়ের হওয়ার কথা রয়েছে। ০২ জুন শুরু হয়ে মুলতবি দিয়ে দিয়ে ০৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে। আর সংক্ষিপ্ত আলোচনার পর বাজেট নিয়ম অনুযায়ি ৩০ জুনের মধ্যে পাস করা হবে। এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার উপরে।
করোনা মহামারির মধ্যে এবারও কঠোর স্বাস্থ্য বিধি বিধান মেনে বাজেট অধিবেশন চালানো হবে। সংক্ষিপ্ত সময়ে শেষ হবে বাজেট অধিবেশন। বিরতি দিয়ে এ অধিবেশন ১০ থেকে ১৩ কার্য দিবস চলতে পারে।
করোনা পরিস্থিতির কারণে সংসদ সদস্য, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এবারও কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদ সচিবালয়ে প্রবেশ করতে হবে। প্রতি ৭২ ঘণ্টা পর পুনরায় নেগেটিভ সনদ মিললেই সংসদ সদস্যগণ কেবল অধিবেশনে যোগদান করতে পারবেন। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরও কোভিড নেগেটিভ সনদ লাগবে।
চলতি (২০২০-২০২১) অর্থ বছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। দেশের প্রথম বাজেট উত্থাপন করেন তাজউদ্দীন আহমেদ।
এমবি





