আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে ও একই সময়ে সম্মেলন ডাকাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ও নোয়াবাদ ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই দুই ইউনিয়নেরে সম্মেলন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম কবির।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টায় বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া ফাজিল খালি মাদ্রাসা মাঠে ও নোয়াবাদ ইউনিয়নের নোয়াবাদের জাওতলা মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ গ্রুপ এবং জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য এবিএম সিরাজুল ইসলাম গ্রুপ।
বিবাদমান দুই গ্রুপ একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় এলাকায় উত্তেজনা দেখা দিলে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই কারণে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ, কাদিরজঙ্গল, দেহুন্দা, কিরাটন, গুজাদিয়া ও নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনেও উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।
কেএইচ





