শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইজিবাইক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার ঘাঘড়া কবিরাজপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে হাজী সাহেব আলী (৫৫) ও পটলপুর গ্রামের ফিরোজ মিয়া (৪২)।
আহতদের প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তেতুলতলা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা সাহেব আলী ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে শেরপুর জেলা নেয়ার পথে ফিরোজ মিয়া মারা যান।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমবি





