নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাকি মধ্যপাড়া এলাকায় আমগাছ থেকে এক শিশু একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাব্বির (৮)। তাকে উদ্ধার করতে গিয়ে আরো দু'জনের মৃত্যু হয়েছ।

তারা হলেন, শিশুটির মামা ওসমান গনি (৩৪) ও স্থানীয় ইউপি মেম্বর আবুল কাশেমের ছেলে শাহজালাল (৩৬)। শিশুটিকে উদ্ধার করতে তারা দু'জন সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু এর ভেতরের গ্যাসের বিষক্রিয়ায় ও সেপটিক ট্যাংকের অংশ বিশেষ ধসে পড়লে তারাও মারা যান।

এ ছাড়া এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। রোববার দুপুর ২টার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের মধ্যপাড়া এলাকাতে একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে এক কিশোর নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো কয়েকজন ভেতরে নেমে পড়েন। কিন্তু ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ও সেপটিক ট্যাংকের কিছু অংশ ধসে পড়লে তিনজনের মৃত্যু ঘটে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল।

এমআর