রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১২ বছরের এক শিশু গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুকে (৫৫) আটক করেছে পুলিশ।

রোববার রাতে রংপুর মহানগরীর ধাপ সাগরপাড়াস্থ বাসা থেকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি কুড়িগ্রাম জেলার নাজিরা খেজুরেরতল গ্রামের মৃত আব্দুর রউফ মণ্ডেলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা উপজেলার ওই শিশুটি শনিবার (৩০ এপ্রিল) গৃহকর্মী হিসেবে খাদেমুল ইসলাম হিরুর বাসায় কাজে যোগ দেন। ওই দিন রাতেই হিরু শিশুটির উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হলে রোববার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. কোহিনুর ইসলাম জানান, গৃহকর্মী শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার চিকিৎসা চলছে, সুস্থ হতে সময় লাগবে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিশুর ফুফা রবিউল ইসলাম বাদী হয়ে রোববার রংপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ খাদেমুল ইসলাম হিরুকে আটক করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, আটককৃত খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমআইএস