দিনাজপুর শহরে পাওনা টাকা চাওয়ায় মতিয়ার রহমান (৬৫) নামে এক পান দোকানদারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মতিয়ার রহমান শহরের বড় গুড়গোলা এলাকার তাইজুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার এসআই বিদ্যুৎ কুমার জানান, দুপুর দেড়টার দিকে শহরের বড় গুড়গোলা এলাকার পান দোকানদার মতিয়ার রহমান পাওনা তিনশ’ টাকা পার্শ্ববর্তী দোকানদার বড়বন্দর ফ্যাশন ঘরের মালিক সাবুর কাছে চায়। এ সময় সাবু জানায় যে আপনার ছেলে আমার কাছ থেকে কাপড় নিয়ে গেছে। আমি তার কাছে ২ হাজার ৩০০ টাকা পাবো। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বির্তক শুরু হয়। এক পর্যায়ে সাবু এবং তার দোকান কর্মচারী ডলার বৃদ্ধ মতিয়ার রহমানকে কিল-ঘুষি ও বেদম প্রহার করে। এতে ঘটনাস্থলেই মতিয়ার রহমান মারা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার অভিযোগে সাবুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেআই