নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়ালে ঘের থেকে মাছ চুরির ঘটনায় থানায় মামলা করায় দুর্বৃত্তরা ১১টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ওই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

শনিবার ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, মাছ চুরির ঘটনায় মামলার আসামীদের আটক করার পর কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনায় দেলজাহান বেগম ২৫জনকে আসামী করে থানায় মামলা করেছেন।

মামলার ১৪ জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।

এলাকাবাসী জানায়,কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ৭ নং ইউপি সদস্য জাফর মোল্যা-তবিবর মোল্যা গ্রুপ এবং ওহাব শেখ-হানিফ শেখ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। খাশিয়াল বাজারের পাশে তবিবর মোল্যার একটি মাছের ঘের আছে।

ওই ঘেরে ওহাব শেখের লোকজন কারেন্ট জাল পেতে প্রায়ই মাছ চুরি করে। বৃহস্পতিবার (২৫ জুন) থানায় মামলা করায় পুলিশ ওহাব শেখের কয়েকজনকে আটক করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা গ্রামের জাফর মোল্যার ৪টি,রেখা মোল্যার দোকান,নুর ইসলাম ফকিরের ২টি,দীন ইসলাম ফকিরের ৩টি,টুটুল মোল্যার ২টি ঘর ভাংচুরসহ লুটপাট করেছে। বাড়ি-ঘর ভাংচুর করায় প্রচন্ড বর্ষায় ওই পরিবারগুলোর সদস্যরা মানবেতর জীবনযাপন করছে।

এসএইচ