মানিকগঞ্জ সদর উপজেলায় এক বাড়ি থেকে পতিতাবৃত্তির অভিযোগে দুই তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কামারখোলা গ্রামের মৃত বাবর আলীর ছেলে আলাউদ্দিন (৪১) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার দুই তরুণী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একেএম সাইফুল ইসলামের বাড়ি আলাউদ্দিন ও নবীন মিয়া ভাড়া নেন। ওই বাসায় তারা গোপনে নারীদের দিয়ে যৌনব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে নবীন পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান জানান, তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ