রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪তম বহিরাগত ক্যাডেট সাব ইন্সপেক্টর-২০১৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ খন্দকার প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শণ, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান ও নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
একাডেমির প্রিন্সিপাল নাইম আহমেদ ও ভাইস-প্রিন্সিপাল মো. সোহরাব হোসেন কুচকাওয়াজ মঞ্চে উপস্থিত ছিলেন।
আইজিপি নবীন কর্মকর্তাদেরকে পেশাদারিত্বের সঙ্গে শৃংখলা, দায়িত্ববোধ ও ন্যায় পরায়ণতার সঙ্গে কর্মজীবনে একজন জনসেবক হিসেবে আত্মনিয়োগ করার আহ্বান জানান। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল কবির প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজ পরিচালনা করেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ড্রিলে সাকলাইন ইবনে রশিদ, পিটি ও বাঁধা অতিক্রমে রাজিয়া বেগম, মাসকেট্রিতে মো. বোরহান উদ্দিন ভূইয়া, অশ্বচালনায় মো. মোশারফ হোসাইন চৌধুরী এবং আইন ও সকল বিষয়ে সেরা ক্যাডেট হিসেবে নাজমুল হোসেন খান প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৩২১ জন বহিরাগত ক্যাডেট এসআই তাদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
জেআই





