বগুড়ার নন্দীগ্রাম এলাকায় মহাসড়কের সরকারি গাছ কেটে রাস্তায় ফেলার সময় শাহীনুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকার পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে তাকে আটক করা হয়।
নন্দীগ্রাম থানার এসআই আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এসআই জানান, নন্দীগ্রাম পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান ও তার সহযোগী সুমন, মতিন এবং শিমুলসহ কয়েকজন মহাসড়কের সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় যাত্রীরা ডাকাত-ডাকাত বলে চিৎকার দিলে ওই এলাকায় দায়িত্বরত আনসার ভিডিপির স্থানীয় কমান্ডার মোসলেম উদ্দিন এবং তার সহকর্মী হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সরঞ্জামসহ শাহীনুর রহমানকে আটক করেন। এ সময় শাহীনুরের সহযোগীরা পালিয়ে যান।
আটক শাহীনুরকে বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে হাইওয়ে পুলিশ তাকে নন্দীগ্রাম থানায় হাস্তান্তর করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রাম থানায় এ বিষয়ে শাহীনুরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
এমকে





