ঢাকার আশুলিয়ায় নিজ বাড়ির কক্ষ থেকে সেন্টু সরকার নামের এক সৌদিপ্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার মধুপুর এলাকায় টিনশেডের নিজ বাড়ির একটি কক্ষ থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, সেন্টু সরকার নামের ওই সৌদিপ্রবাসী আট মাস আগে দেশে ফিরে আশুলিয়ার মধুপুর এলাকার নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। তবে তাঁর স্ত্রী ঢাকার ধামরাই উপজেলায় আলাদা থাকতেন। দুদিন ধরে সেন্টু সরকারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আজ বাড়িতে খোঁজ করতে যান তাঁর ভাই।
এ সময় নিজ কক্ষের ভেতরে সেন্টুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় সেন্টুর গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। লাশের পাশ থেকে একটি রক্তাক্ত বঁটি ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির।
এমআর





