শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্ত্রীর কুড়ালের আঘাতে স্বামী খুন হয়েছে। নিহতের নাম সৈয়দুর রহমান (৫৭)। তিনি পেষায় একজন ঠিকাদার ছিলেন। এ ঘটনায় সৈয়দুর রহমানের স্ত্রী আছমা খাতুনকে আটক করেছে পুলিশ।

বুধবার আনুমানিক সকাল ৯টার সময় পারিবারিক কলহের জের ধরে উপজেলার সদরের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঠিকাদার সৈয়দুর রহমান ফজরু সঙ্গে স্ত্রী আছমা খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এর কারণে আছমা মাঝেমাঝেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন।

এর ধারাবাহিকতায় বুধবার সকালে আছমা ঘুম থেকে ওঠার পর ফজরু সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আছমা ঘরে থাকা কুড়াল দিয়ে ফজুর মাথায় আঘাত করেন।

এসময় সৈয়দুর রহমানের ছেলেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকি‍ৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছমা খাতুনকে আটক করে।

ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান বলেন, আটকের পর আছমা থানায় স্বীকারোক্তি দিয়েছে। তবে তার কথার্বাতা শুনে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর