রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় মিতালি হোটেলের গলিতে ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ছিনতাইকারীর নাম মকবুল হোসেন (৪৫)।

ওয়ারী থানার এসআই আবদুল খালেক জানান, শনিবার ভোর ৬টার দিকে একটি মোটরসাইকেলযোগে মকবুল ও তার ভাতিজা করিম ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ওয়ারী থানায় কর্মরত আনসার সদস্য ওসমান গণি (৩০) টের পেয়ে তাদের ধরার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতের আঙুলে আঘাত করে পালানোর চেষ্টা করে।

এ সময় ওসমানের চিৎকারে আশপাশের জনতা ছিনতাইকারীদের ধাওয়া দেয়। করিম পালিয়ে যেতে সমর্থ হলেও ওসমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মকবুল ও করিম সায়েদাবাদ এলাকার চিহ্নিত ছিনতাইকারী। এর আগেও তাদের গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্তি পেয়ে ফের ছিনতাই শুরু করেছে।

কেএইচ