পটুয়াখালীর বাউফলে বৈদ্যুতিক খুঁটি পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুল হাই (৫৫), মেয়ে বিনা (২২) ও মহুয়া (২০) এবং তার শ্যালক ইব্রাহীম (৪০)।

উপজেলার ধলাপাড়া গ্রামে আব্দুল হাইয়ের বাড়িতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হাইয়ের বাড়ির পুকুরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। বৃহস্পতিবার রাতে অনেক বৃষ্টি হওয়ায় খুঁটি উপড়ে পুকুরে পড়ে যায়। সকালে আব্দুল হাই পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে গেলে তার দুই মেয়ে ও শ্যালক বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে পুলিশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি।

এমআর