আগামী ২৮ মে পঞ্চম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহে চারজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতরা হলেন- মো. মহসিন (৩৬) রাঙ্গুনিয়ার ইসলামপুরে ইউনিয়নের খতিবনগর এলাকার রমজান আলীর ছেলে, হানিফ (২৫) মুন্সিগঞ্জের হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক। তিনি ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

রকিব মিয়া (৩২) ওসমানীনগরের একারাই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে, এমদাদুল হক এবাদ (২৬) নরসিদীর শহরতলীর বাদুয়ার চর উত্তরপাড়া গ্রামের মৃত কেনু মুন্সীর ছেলে ও গুলিবিদ্ধ শফিকুল ইসলাম সোহাগ ময়মনসিংগের গফরগাঁও উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা।

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে গণসংযোগকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মো. হানিফ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাতে হোসেন্দি বাজার সংলগ্ন লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরই গুলিবিদ্ধ হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগকালে লস্করদী গ্রামে আওয়ামী লীগ সমর্থিত মনিরুল হক মিঠু (নৌকা) ও মাহবুবুল হক মজনু (আনারস) সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পরে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে হানিফ গুলিবিদ্ধ হয়। এবং পুলিশসহ ১০ জন আহত হয়।

এএসপি সার্কেল সদর কায়সার রিজভী কোরেশি জানান, ঘটনার পরই হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী: নরসিংদী শহরতলীর হাজীপুর ইউনিয়নে এমদাদুল হক এবাদ নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবাদ। প্রচারণা শেষে রাতে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে বাদুয়ার চর গ্রামের নদীর তীরে তার গলা কাটা মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে সকালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ইবাদের স্ত্রী সুমি জানান, আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য হাজীপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অপর ইউপি সদস্য প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকরা এবাদকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন সুমি।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ইউনিয়নের খতিবনগর মসজিদের পার্শ্ববর্তী স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর খতিবনগর জামে মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে মহসিনের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়। পরে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রাণীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল হক যুগান্তরকে জানান, লাশ উদ্ধারের সময় মহসিনের কাছ থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টার ও লিফলেট পাওয়া গেছে। লাশ পোস্ট মর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট: সিলেটের ওসমানীনগরে মেম্বার প্রার্থীর লিফলেট (প্রচারপত্র) বিলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রকিব মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আফতাব মিয়া সোমবার দুপুরে গণসংযোগে বের হন। এ সময় শিশুরা হুড়োহুড়ি করে লিফলেট নিতে গেলে একারাই গ্রামের দিলবর মিয়ার মেয়ে মাটিতে পড়ে আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দিলবর মিয়া উত্তেজিত হয়ে জাকিরকে মারধর করেন। এতে জাকির আহত হন। এরপর আহত জাকিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে দিলবরের ভাই রকিব রাত আটটার দিকে তাকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে ওঁৎ পেতে থাকা জাকিরের চাচাতো ভাই আখতার, রিপন ও আখলু গংরা রকিবের ওপর অর্তকিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিব মারা যায়।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে শফিকুল ইসলাম সোহাগ ফকির নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

 

সোমবার রাত ১০টা দিকে উপজেলার লংগাইর ইউনিয়নে চরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন সোহাগ। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এমবি