ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর সকল প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের উপস্থিতিতে মতবিনিময় সভা শুরু হয়েছে।
সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের কেউ ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনিস্টিটিউটে উত্তরের প্রার্থীদের সঙ্গে ইসির বৈঠককালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনকে সুষ্ঠু করাতে ডিএমপি সব ধরনের সহযোগিতা করবে। ঘনবসতি এলাকাসহ অন্যান্য জায়গাতে গোয়েন্দা বাহিনীর সদস্যরা নজরদারী রাখছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর দিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর খামারবাড়ী সড়কসংলগ্ন কৃষিবিদ ইনিস্টিটিউটে (কে আই বি কমপ্লেক্স) আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, প্রার্থীরা, ইসির কর্মকর্তা, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টরা।
বৈঠকে ঢাকা উত্তর সিটির সকল মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল।
এএইচ





