সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন বলে পুলিশ দাবি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানায়।
বুধবার ভোর রাতে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
এছাড়া আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আজিবুর ও কবির হোসেন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, মঙ্গলবার বিকেলে ১২ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাতে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিলে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।
তার দেওয়া তথ্য মতে, কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে পৌঁছলে রফিকুলের সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। দীর্ঘ ২০ মিনিট ধরে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে সেখান থেকে রফিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রফিকুলের বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এদিকে নিহত রফিকুলের স্ত্রী জানান,তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা করেছে। এছাড়া তার বিরুদ্ধে যেসব মামলা ছিল তা ভিত্তিহীন।





