লক্ষ্মীপুরে আব্দুল আলীম দুলাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল আলীম ওই গ্রামের মৃত মনছুর আহমদের ছেলে।
শনিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, রাত ৯টার দিকে আব্দুল আলীম তার ঘর থেকে বের হওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর নিহতের ছেলে রাকিব হোসেন তার পিতা আব্দুল আলীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মধ্য রাতে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের ছোট ভাই মোস্তাফিজ ও বোন নাসরিন আক্তার এবং পাশের বাড়ির আবুল হোসেনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে। তার মাথায় কোপের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

ইআর