সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সুনামগঞ্জের হাওর পাড়ের লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার সকাল ১১টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকাল ১০টায় সুরমা নদীতে পানি উন্নয়ন বোর্ডের মিটারে ৮.৮৮ মিটারে পানি প্রবাহিত হচ্ছে।
নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায়, জুন থেকে অক্টোবর পর্যন্ত সুরমা নদীতে ৮.২৫ মিটার পানি স্বাভাবিক। তবে এর উপরে হলেই বিপদসীমা অতিক্রম করে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে গড় বৃষ্টিপাত ৬৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২৭৫ সেন্টিমিটার, শুক্রবার ৮৯ সেন্টিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টিপাতের কারণে যে পরিমাণ পানি বাড়ছে তার চেয়ে বেশি পানি উজান থেকে আসছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এটা হাওর এলাকার জন্য বন্যা হিসেবে ধরে নেওয়া যায়না।
বেলা ১১টা পর্যন্ত জেলার কোথাও বন্যার খবর পাওয়া যায়নি। তবে বিকাল ৩টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় আহ্বান করা হয়েছে।জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





