বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। রোববার সকালে এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল অতিক্রম শুরু করে এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়ে সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলেছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার প্রায় সারা দিন এবং রাতেও বৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে।
রোববার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সকাল ৬টায় সীতাকুণ্ডের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে।
এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল এবং এর কাছাকাছি দ্বীপ ও চরে ভারী বর্ষণসহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কি.মি. বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলো এবং এর কাছাকাছি দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এমএনজে





