কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জমির সীমানা নিয়েদু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।

উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে বুধবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জামালপুর গ্রামের চান মিয়া ও প্রতিবেশী নাজিম উদ্দিনের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

চান মিয়ার একটি হাঁস সকালে নাজিম উদ্দিনের ঘরে ঢুকে খাবার নষ্ট করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে চান মিয়াসহ উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এমকে