দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, আমরা সেই রকম কাজ করতে পারিনি বলে এই বিশ্বাসহীনতা, এটা স্বীকার করতে লজ্জা নেই, এটাই সত্য।

রোববার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, সব অর্জনই নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে। দুদকের ওপর মানুষের বিশ্বাস আছে কি নেই আমি এই তর্কে যাবো না, তবে এটা সত্য মানুষ বিশ্বাস করতে চায় না, দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। আমরা সেই রকম কাজ করতে পারিনি বলে এই বিশ্বাসহীনতা, এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, এটাই সত্য। আর এই দায় শুধু আমাদের নয়, সমাজের সকল স্তরের মানুষের। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায় বেশি বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে শিক্ষাব্যবস্থায়। সবাই অবকাঠামো নিয়ে কথা বললেও ক্লাসরুমের ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে কেউ কথা বলে না। আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি শিক্ষকদের অনেকে ঠিকমতো ক্লাসে যান না, কিংবা ক্লাসেরুমে গেলেও যে বিষয় নিয়ে পড়ানোর কথা তা পড়ান না। বিশেষ করে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিষয়টি বেশি দেখা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাজার হাজার চিকিৎসক আছেন, দুঃখজনক হলেও সত্য যে, তাদের অনেকেই কর্মস্থলে যান না বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক এই সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তারা যদি ঠিক থাকেন তাহলে কারও পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়। এটা আমার অভিজ্ঞতা। আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার বদলি কিংবা একটু মানহানি করতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। এই সকল ভয় থেকেই আমরা সমঝোতা করি, আর এই সমঝোতাটা দুর্নীতি। শুধু যে ঘুষ খাওয়াই যে দুর্নীতি এটা ঠিক নয়।

আমলাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি বড় বড় প্রকল্পে দুর্নীতি দূর করার সক্ষমতা আমাদের নেই। এই বিষয়টি আপনারাই দেখবেন, কোন কোন প্রকল্পে দুর্নীতি হতে পারে তা আমাদের জানানো দায়িত্ব আপনাদেরই। আপনাদের উচিত দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া। তাহলেও দুর্নীতির প্রকোপ কমবে। শুধুমাত্র সরকারের পক্ষে দর্নীতি দূর করা সম্ভব না, সবাইকে একযুগে এক সঙ্গে কাজ করতে হবে।

সভায় তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাহান মিয়া, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা, রাষ্ট্রপতি কার্যালয়ের উপসচিব তপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের মোট ১৯ জন বক্তব্য রাখেন।

এছাড়া মতবিনিময় সভায় দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সভায় দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ ও দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

ওএফ