লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জঙ্গি সন্দেহে পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে রংপুরের র‌্যাব-১৩ একটি টিম ।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন পাটগ্রাম পৌরসভাধীন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি (অাপেল)। কিছুদিন আগে ওই একই স্থান থেকে র‍্যাব জঙ্গি সন্দেহে তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল।

পাটগ্রাম থানা পুলিশ, র‌্যাব ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৮ আগষ্ট) সন্ধ্যায় র‌্যাবের একটি বিশেষ দল অপারেশন চালিয়ে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পোষ্ট অফিস এলাকার আসবাবপত্রের ব্যবসায়ী আপেল হোসেনকে (৩১) গ্রেফতার করে।

তার সঙ্গে আটক করা হয় একই ওয়ার্ডের সাহেবডাঙ্গা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শফিক হোসেন (২৬), মৃত হাফিজার রহমানের ছেলে মোকলেছার রহমান (৪০), জোংড়া ইউনিয়নের কাফিরবাজার এলাকার মৃত অাশরাফুজ জামান জাদুর ছেলে সেলিম উদ্দিন (২৭) ও পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকার মজিবরের ছেলে অাবুজাহিদ (২৬)।

শফিক হোসেন ও মোকসেদুর রহমান, আপেল হোসেনের আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করত। আপেল হোসেন ওই এলাকার মৃত লুৎফর রহমান ছেলে। রংপুর র‌্যাব-১৩ তে কর্মরত একটি দায়িত্বশীল সূত্র জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটকের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি।

উল্লেখ্য, একই এলাকা থেকে ২ আগষ্ট দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ধর্মীয় উস্কানিমূলক বইসহ জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছিল। হাসান মাসুদ, শাহিন আলম ও ফজলে রাব্বি। এখন লালমনিরহাট জেলখানাতে অাছে।

ডি/জেড