চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ইয়াবা সম্রাট মো. আক্কাস আলীকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আক্কাস আলী বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনির বাসিন্দা আলী আকবরের ছেলে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শাহ আমানত সেতু এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো. মহসীন বলেন, আক্কাস আলী দুর্ধর্ষ ডাকাত গোলাম সরওয়ার মিলন গ্রুপের সদস্য। বাকলিয়া থানাসহ বিভিন্ন থানায় তার নামে ৭-৮টি মামলা রয়েছে।

একটি অস্ত্র মামলায় সাড়ে ৯ বছর জেলে থেকে শাস্তি ভোগ করে এ বছরের ফেব্রুয়ারিতে সে মুক্তি পায়। জেল থেকে বের হয়ে সে ইয়াবা ব্যবসা শুরু করে।

সকালে ১১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এসএইচ