পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটে রোববার সকাল থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কাওড়াকান্দি ঘাটে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

প্রবল স্রোত থাকায় অল্প সংখ্যক লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে। ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি ঝুঁকি নিয়ে পারাপার করছে। যানজট সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ‘পদ্মা নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মায় উত্তাল ঢেউ থাকায় একটি ফেরি ঘাটে ফিরতে তিন ঘণ্টারও বেশি সময় নিচ্ছে। এতে কাওড়াকান্দি ঘাট এলাকা থেকে বেশকিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।’

যাত্রীদের অন্য রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই