চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেলেন দেশবরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। প্যারিস প্রবাসী এ শিল্পী ফ্রান্সের শিল্পকর্মকে সমৃদ্ধ করেছেন তার পুরস্কার হিসেব দেশটির সরকার শাহাবুদ্দিনকে এ সম্মানে ভূষিত করলো।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃঅনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি দেশটির সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অরলি ফ্রিপত্তি তার হাতে এ সম্মাননা পদক ও সনদ হস্তান্তর করেন।
এর আগে বিখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

এ সম্মাননার ফরাসি নাম Ordre des Arts at des Lettres বা নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা থানার আলগী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহমেদ ও মা সাফিউন্নেছা আহমেদ।

মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন এই শিল্পী। তার ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তিমত্তা ও উদ্দাম গতিশীল অগ্রযাত্রা রূপায়িত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশে-বিদেশে নিজের শিল্পকর্মের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।
শিল্পী শাহাবুদ্দীন ১৯৬৮ সালে পাকিস্তানের ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’ লাভ করেন।

এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছেন তিনি। ২০০০ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই