সিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যার ঘটনায় আয়াজ আলী(৪৫) নামের আরো এক আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক সাহেদুল করিম আয়াজ আলীকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার ভোরে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজ আলীকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার আসামিদের মধ্যে আয়াজ আলীসহ মোট ৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাত জন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে কিশোর রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
এআই





