শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।

প্রতিবছর প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হতো। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানাতেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় তা হয়নি।

যেভাবে এসএসসি পরীক্ষার ফল জানা যাবে

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd এবং http://www.eboardresults.com ওয়েবসাইট ছাড়াও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইডে গিয়েও ফল ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা http://www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে result কর্নার ক্লিক করেও ফল জানতে পারবে।

মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/dakhil) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন 2019 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

এসএম